ঘুমহীন আতংকের নগরীতে আমরাঃ
আতংকে আর শংকা নিয়ে রাত কাটালাম। এ নগর বা দেশ এখন বিশ্ব মিডিয়ায়। ছেলে বুড়ো সবাই জানে অতি নিকটে কঠিন বিপদ দাঁড়িয়ে। যে কোন সময় গুড়িয়ে তচনচ হয়ে যাবে এ জনপদ আর তার স্থাপনা। নান্দনিক সুউচ্চ অট্রালিকা এখন মৃত্যু উপকরণ।
টক অব দ্য কান্ট্রি এখন ভুমি কম্প। সোস্যাল মিডিয়ায় এখন ভুমিকম্প, কত সালে কোথায় কোন মাএার হয়েছে। কত বছর পরপর হয় এ নিয়ে সবার পান্ডিত্য। সাধারণের অসাধারণ টোটকা চিকিৎসা চলে, কি করবেন কখন কোন পরিস্থিতিতে সব পাবেন আপনার নিজের টিভি স্কিনে।
বিল্ডিং কোড মানা হয়নি ৭৫ ভাগ দালানে। যারা দেখভালের দায়িত্বে ছিল তারা আংগুল ফুলে কলাগাছ। ঘুষের বিনিময়ে সব পাস। এখনো চলছে। শুধু একটা দুইটা ঝাঁকুনির পর এ নিয়ে দুই একদিন কথা হয়। গত দুইদিন মসজিদে উপচে পড়া ভিড়।
মসজিদ আর মুসল্লিদের নগরী দূরনীতিতে চ্যামপিয়ন। হুজুর বড় চোর আর ডাকাতদের জন্য সেজদা করে, দোয়া করে, মক্তব বানাতে তাদের আরো ধনসম্পদ চায়। তাদের চাকুরি ওদের হাতে। চোরেরা অধিকাংশ আল্লাহর ঘরের মালিক ঈমামের নিয়োগ কর্তা। মুসল্লি সমাজের নেতাও তারা।
পাপের ভারে নুয়ে পড়া নগরীতে ভূমিকম্প হয়। নবী লুত আঃ এর জামানায় বড় মাপের ভূমিকম্প হয়েছে। তাদের পুরো ভূখণ্ড উল্টো করে দেয়া হয়েছিল।
একটু চোখ বন্ধ করে যদি সৎ ভাবে দেখি আমার চারিপাশ তাহলে বুঝতে পারবো কি ভয়াবহ খারাপিতে নিমজ্জিত আমরা। চোরের শাসন, চোরের আস্ফালন, ডাকাতের শহর, বন্দর, গ্রাম। চোর হবার স্বপ্ন নিয়ে বড় হয় প্রজন্ম। যে চাকুরিতে ঘুষ বেশি সেটির জন্য কম্পিটিশন বেশি। সেই চাকুরি পেতে ঘুষ বেশি। প্রজন্ম রাজনীতি করতে চায়, চায় চাঁদাবাজ হতে, খুনি হতে চায় প্লেন করে।
দেশ বিদেশে কম ঘোরা হয়নি। এমন সমাজ, রাষ্ট্র খুব কমি আছে যেখানে অপ্রয়োজনীয় মিথ্যা সবখানে, মোনাফেক পাবেন কোটিকোটি। ফেরেশতার মত বয়ান দেয়া লোককে পাবেন সবচেয়ে খারাপ কাজে। নিয়ম ভাঙা দম্ভের বিষয়।
রাস্তায় রাস্তায় মানব মানবি। খালি যায়গা খুঁজতে পেরেশান। ঘুম নেই বহুজনের । যদি রাতে কিছু হয়।
কালরাতে বাচ্চাদের ঘুম হয়নি। তাদের গবেষণা দালানের উঁচুতে বিপদ, নাকি নীচে। তারা ডাইনিং টেবিলের নিচে বিছানা পেতেছে। বিল্ডিং এ ফাটল ধরেছে কিনা ক্ষনে ক্ষনে দেখছে। রাত তিনটায় ঘুম থেকে জেগে উঠেছে কম্পনের আতংকে।
বেগমের মাথা ঘোরানো এখনো আছে। তাঁর কাছে মনে হয় ভূমিকম্প চলছে। আমার পা নাড়ানো নিষেধাজ্ঞার মধ্যে।
আমার তেমন বোধ নেই এ আজাবে। শূন্য দেনা, শূন্য পাওনা নিয়ে চলে যেতে চাই। পিসফুল ডেথ চাই। যে পর্যায়ে হউক কারো ক্ষতির কারন হতে চাই না, কারো মুখাপেক্ষী হতে চাই না, কারো করুনার পাএ হতে চাই না। চাই মহান রবের কৃপা।
ভেজালে ভরা এই মহানগর বা দেশে বারবার কম্পনে যদি শুদ্ধতা আসে তবে তা-ই হউক।
ব্যারিসটার ওমর ফারুক
২৩/১১/২৫, বসুন্ধরা।
সকাল বেলা।